দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘উগ্রবাদী সংগঠনের’ সম্ভাব্য হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার মধ্যেও দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দেশে জঙ্গি উত্থানের বিষয়টি সরাসরি নাকচ করেন। তার ভাষায়, তিনি ওই শব্দটি স্বীকার করেন না এবং দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো তৎপরতা নেই।

তবে তিনি উল্লেখ করেন, পৃথিবীর বিভিন্ন দেশে কিছু চরমপন্থি গোষ্ঠী থাকে, বাংলাদেশেও তেমন কিছু থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে চরমপন্থি কিছু শক্তি এবং মৌলবাদী কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যা নতুন কিছু নয়। তবে ‘জঙ্গি’ শব্দটি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে তিনি মনে করেন।

এ সময় তিনি আরও বলেন, অতীতে ‘জঙ্গি’ শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তার দাবি, আগের শাসনামলে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এ ধরনের শব্দ ব্যবহার করা হতো। বর্তমানে দেশে এ ধরনের কোনো অস্তিত্ব নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।