রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ | অনলাইন সংস্করণ

রাত থেকেই ঢাকার আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। ভোর হতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় রাজধানী। দিনের শুরুতেই এমন বৃষ্টিপাতে একদিকে কিছুটা স্বস্তি ফিরলেও, বাইরে বের হওয়া মানুষের জন্য তা হয়ে দাঁড়িয়েছে চরম ভোগান্তির কারণ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে জলজটের সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই আবহাওয়াজনিত পরিস্থিতি বিরাজ করতে পারে। এতে করে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সতর্কভাবে চলাচল করতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অন্তত দুপুর পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা বেশি রয়েছে।