টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৬ জেলায় বন্যার আশঙ্কা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হয়ে কিছু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, নেত্রকোনা জেলার ধলাই-কংস নদী জারিয়াজঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, সারি নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজার জেলার মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। যদিও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক পূর্বাভাসেও এ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় আগামী তিন দিনে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদীর পানিও দ্রুত বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর এলাকার নিম্নাঞ্চলে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
একই সময়ে নেত্রকোনায় ধলাই-কংস নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সেখানকার হাওরাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমা ছাড়াতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি বাড়াবে।
অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও বাড়ছে। বিশেষ করে খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেলে এসব জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে পানি দ্রুত বাড়লে উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তাই নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
