টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ

সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ সুযোগ-সুবিধা রাজধানীকেন্দ্রিক হওয়ায় সারা দেশ থেকে মানুষ ঢাকার দিকে ছুটছে। এ প্রবণতা কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও মশক নিধনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনোভাবেই টাকা ছাপিয়ে এই সুবিধা দেবে না। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।