অনলাইন সংস্করণ
১৭:৫৯, ২৯ এপ্রিল, ২০২৬
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানোর প্রস্তাব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সংসদে যারা আছেন তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, বরং তা ধারণ করেন।
বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন।
শামা ওবায়েদ বলেন, সংসদে গতকাল মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে এবং এখানে বিরোধীদলের মধ্যেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি প্রস্তাব করেন, সংসদে যেসব বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করা হলে নতুন প্রজন্ম এ বিষয়ে জানতে পারবে এবং এতে তাদের যথাযথ সম্মানও প্রদর্শিত হবে।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে এই চর্চা চালু হলে বাইরে তা অনুসরণ করা সম্ভব হবে।
এ সময় স্পিকার জানান, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং সংসদ তা অনুমোদন করেছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, আর অন্যরা মুক্তিযুদ্ধের সহায়ক হিসেবে গণ্য হবেন।
তিনি বলেন, সংসদে সাধারণত সদস্যদের আসনভিত্তিক পরিচয়ে আলোচনা করা হয় এবং মুক্তিযোদ্ধা পরিচয় আলাদাভাবে উল্লেখ করা হয় না। তবে কারও ক্ষেত্রে নিশ্চিতভাবে জানা গেলে যে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পড়েন, তাহলে সেই অনুযায়ী তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।