ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ১৪ বিমান কিনছে সরকার

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ১৪ বিমান কিনছে সরকার

বহর সম্প্রসারণে ১৪টি নতুন বিমান কিনতে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই অনুষ্ঠান হবে। সেখানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক ও এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে সরকারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধি চুক্তিতে সই করবেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

চুক্তির অনুযায়ী যে ১৪টি বিমান কেনা হবে তার মধ্যে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ। এসব উড়োজাহাজের তালিকামূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৭ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর আধুনিকায়ন, দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক রুটে সেবা সম্প্রসারণ সম্ভব হবে। ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গন্তব্যে ফ্লাইট জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যপাল্লার রুটে পরিচালিত হবে।

আবা/এসআর/২৬

যুক্তরাষ্ট্র,বিমান,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত