গণভোটের দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় জোট

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৫:০২ | অনলাইন সংস্করণ

গণভোটের দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। এসব কর্মসূচির অংশ হিসেবে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত অগ্রাহ্য করা হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের বিষয়ে দায়িত্ব দিয়েছিল। কিন্তু সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে একতরফাভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে, যা তারা নিন্দনীয় বলে মনে করেন। তার অভিযোগ, গণভোটের রায় নিয়ে অনিয়ম করা হচ্ছে এবং এ অবস্থায় রাজপথে আন্দোলন জোরদার করা হবে।

জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি পর্যায়ক্রমে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ মে রাজশাহী বিভাগ, ১১ জুলাই রংপুর বিভাগ, ১৩ জুলাই চট্টগ্রাম বিভাগ, ১৮ জুলাই বরিশাল বিভাগ, ২৫ জুলাই রংপুর বিভাগ এবং ২৭ জুলাই ময়মনসিংহ বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির ধারাবাহিকতায় অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার কথা জানিয়েছে জোটটি।