অনলাইন সংস্করণ
২০:৩১, ৩০ এপ্রিল, ২০২৬
আসন্ন মে মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান দর বহাল রেখেই ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি করা হবে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে।
এর আগে, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। তখন ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। নতুন এই মূল্যহার ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সর্বশেষ নির্ধারিত এই মূল্যহারই মে মাসজুড়ে বহাল থাকবে এবং ১ মে থেকে তা কার্যকর থাকবে।