ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আ. লীগ আমলে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ. লীগ আমলে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছরে লুটপাটের যে চিত্র, তা শ্বেতপত্রে উঠে এসেছে। গড়ে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যা দিয়ে একাধিক বড় অবকাঠামো নির্মাণ সম্ভব ছিল। তিনি উল্লেখ করেন, এই অর্থ দিয়ে বহু পদ্মা সেতু বা মেট্রোরেল নির্মাণ করা যেত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এ অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রোরেল নির্মাণ করা সম্ভব ছিল। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, কে বড় মুক্তিযোদ্ধা—এ বিতর্কে না গিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ব্যাংক দখল প্রসঙ্গে তিনি বলেন, আগে গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে ব্যাংক দখল করা হতো, আর এখন ভিন্নভাবে দখলের চেষ্টা হচ্ছে। এই দখলদারি বন্ধ হওয়া জরুরি।

তিনি আক্ষেপ করে বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। একই সঙ্গে সংবিধানের কিছু বিতর্কিত বিষয় এখনো বহাল থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছানো হয়েছে, তাই সেই ইতিহাসকে খাটো করা ঠিক নয়। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কেবল চেতনার রাজনীতি দিয়ে এগোনো সম্ভব নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

তিনি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় রীতি মেনে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়াই প্রকৃত রাজনীতি।

বাক স্বাধীনতার অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংবিধানে স্বাধীনতার কথা থাকলেও তা সীমাহীন নয়। কুরুচিপূর্ণ ভাষা ও অপপ্রচার সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে কোনো ধরনের ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ নিয়েও সমালোচনা করে তিনি বলেন, এতে দায়িত্ববোধের চেয়ে বাহ্যিক প্রদর্শনই বেশি দেখা যায়।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অবস্থানের সমালোচনা করে মন্ত্রী বলেন, এ আন্দোলন দেশের সব মানুষের ত্যাগের ফসল।

স্বরাষ্ট্রমন্ত্রী,কোটি টাকা পাচার,৩০ লাখ কোটি টাকা,আ. লীগ আমল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত