ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদ এখনো উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদ এখনো উন্মুক্ত: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব এখনো উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকেই আসুক—এমন অবস্থান সরকারের এখনো বহাল রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিরোধী দলের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি বিরোধী দলীয় নেতার বাসায় গিয়েছেন এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম-এর সঙ্গেও যোগাযোগ করেছেন। তিনি বলেন, মতভেদ থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার নীতিতেই সরকার বিশ্বাস করে।

তিনি আরও জানান, বিরোধী দলীয় নেতা ও উপনেতার নির্বাচনী এলাকার সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, এটি রোধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রবর্তিত খাল খনন কর্মসূচি আবারও দেশব্যাপী শুরু করা হচ্ছে। তিনি বলেন, ঢাকায় অতিরিক্ত পানি উত্তোলনের ফলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় সংকট দেখা দিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির সুফল পেতে সময় লাগবে এবং পানির স্তর পুনরুদ্ধারে অন্তত ২০ বছর প্রয়োজন হতে পারে। এটি সেচ সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা কমাতেও সহায়ক হবে।

এ ছাড়া নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ভারী বর্ষণে বোরো ফসলের ক্ষতির বিষয়েও কথা বলেন তিনি। এ বিষয়ে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে অনেক স্থানে ফসলের ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী,এখনো উন্মুক্ত,ডেপুটি স্পিকারের পদ,বিরোধী দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত