ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মে দিবসের সমাবেশের জন্য প্রস্তুত নয়া পল্টন, যোগ দেবেন প্রধানমন্ত্রী

মে দিবসের সমাবেশের জন্য প্রস্তুত নয়া পল্টন, যোগ দেবেন প্রধানমন্ত্রী

মে দিবসে উপলক্ষে মহাসমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে নয়া পল্টনের বিএনপির কার্যালয়ের সামনের মঞ্চ।

শুক্রবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, “দুযোর্গপূর্ণ আবহাওয়া…তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে।

“এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা প্রত্যাশা করছি, মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে।”

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় আসছেন বলে জানিয়েছেন আনোয়ার হোসেইন।

তিনি বলেন, ‘‘বেলা আড়াইটায় আমরা সমাবেশের কার্যক্রম শুরু করব। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।”

সকালে বৃষ্টির কারণে সকালে নয়া পল্টনের সড়কে পানি থাকলেও, দুপুরের আগেই তা নেমে গেছে।

লাল টুপি, টি-শার্ট পরে ও হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে শুরু করেন। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল।

সমাবেশ কেন্দ্র করে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বেছানো হয়েছে লাল কার্পেট।

উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।

দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করেছে। গত বছর লন্ডন থেকে এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন সশরীরে।

প্রধানমন্ত্রী,মে দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত