অনলাইন সংস্করণ
১২:১৫, ০৩ মে, ২০২৬
ডিসিদের নিয়মিত বাজার তদারকির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আপনারা (ডিসিরা) মাঠ পর্যায়ের অ্যাম্বাসেডর। আপনারা দেখবেন কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে।
রোববার (০৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে। এখন এআই ও ডিজিটাল যুগ। এই যুগে জনপ্রশাসনের কাজ যেন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
কৃষকদের প্রয়োজনের বিষয় খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায়। তারা যেন তাদের সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনী দ্রব্য সময়মতো পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন খাদ্যে ভেজাল দিতে না পারে। তিনি বলেন, মানুষ যেন সরকারি সেবা পেতে হয়রানি না হয়। মানুষের অভিযোগ আমলে নেবেন।
প্রধানমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এ সময় সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে ডিসিদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।