অনলাইন সংস্করণ
১৫:২২, ০৩ মে, ২০২৬
চাঁদাবাজদের পক্ষে তদবির করলে তাকেও ছাড়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেছেন, গ্রেপ্তার চাঁদাবাজদের তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত।
আজ রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১ তারিখ থেকে অভিযান শুরু হয়েছে। গত দুইদিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে গডফাদারদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, অপরাধীর পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তিনি বা তারা যত বড় হন না কেন আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।