
চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে দেশে এক থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (৩ মে) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা আজ ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হয়। কমিটি বিশ্ব আবহাওয়া সংস্থার অনুমোদিত বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র, জলবায়ু মডেল, এল-নিনো ও লা-নিনোর অবস্থা ইত্যাদি যথাযথ বিশ্লেষণ করে মে মাসের পূর্বাভাস জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে আটদিন হালকা বা মাঝারি, যার মধ্যে দু-তিনদিন কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
আবা/এসআর/২৬