ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়ায় বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর

বগুড়ায় বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর

বগুড়ায় বিমানবন্দর নির্মাণের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় একাডেমি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে আগামী ৭ তারিখে সেখানে যাওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নীলফামারীতেও একটি ছোট একাডেমি রয়েছে, সেটিকেও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, একজন পাইলট তৈরি করতে অনেক ব্যয় হয় এবং দেশের অনেক পাইলট বিদেশে গিয়ে কাজ করেন। আগে পাইলট পেশা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সাধারণ মানুষকেও এই খাতে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়বে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলোর উন্নয়ন এবং সঠিক ব্যবহারের বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নে বিদেশি সহায়তা বা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার কথাও জানানো হয়েছে।

মনপুরাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

বিমান খাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে পাইলটের সংখ্যা এখনও কম। ইতোমধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার জন্য চুক্তি করা হয়েছে এবং বহর আধুনিক করতে আরও কিছু বিমান ভাড়ায় আনার পরিকল্পনা রয়েছে।

যেসব বিমানবন্দর বর্তমানে ব্যবহৃত হচ্ছে না, সেগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রাথমিকভাবে বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী ও সৈয়দপুরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হতে পারে এবং তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য রাখা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর।

প্রতিমন্ত্রী,স্থাপনের পরিকল্পনা,ফ্লাইং একাডেমি স্থাপন,বগুড়ায় বিমানবন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত