অনলাইন সংস্করণ
১৪:১৪, ০৪ মে, ২০২৬
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগ-এ রিট দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস যৌথভাবে এ রিট আবেদন করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তিটি অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।
এতে আরও উল্লেখ করা হয়, চুক্তি প্রণয়ন ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনস্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
রিটে চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওপর আরোপিত অসম দায়বদ্ধতা এবং প্রতিকূল শুল্ক কাঠামোর বিষয়টি তুলে ধরে এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।