পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের জন্য ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে অনুষ্ঠিত বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক অনেক ক্ষেত্রে মানানসই নয়। এ কারণে আগের ঐতিহ্যবাহী পোশাক পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, প্রস্তাব অনুযায়ী মহানগর পুলিশের জন্য শার্ট হবে পেস্ট কালারের, আর সারা দেশে শার্ট হবে নীল রঙের এবং প্যান্ট থাকবে খাকি রঙের।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু আইনি বিষয় পর্যাপ্তভাবে বিবেচনা করা সম্ভব হয়নি, ফলে জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।

সভায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ক্যাম্পের ভেতরে ও বাইরে অপরাধ দমনে যৌথ নজরদারি ব্যবস্থা জোরদার করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, যেসব শীর্ষ অপরাধী জামিনে মুক্ত হয়েছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ীই বিষয়গুলো পরিচালিত হচ্ছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং ব্যবহারকারীদের নয়, মূল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘ সময় পর এবারের সংসদ অধিবেশন তুলনামূলকভাবে প্রাণবন্ত ছিল এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে তা সম্পন্ন হয়েছে।