অনলাইন সংস্করণ
১৬:৪৬, ০৪ মে, ২০২৬
টানা ঝড় ও ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা, হাওড়ে অতিরিক্ত পানি প্রবেশ এবং নদনদীর পানি বেড়ে যাওয়ায় অনেক এলাকায় ধান তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে কৃষি খাতে আরও ক্ষতির আশঙ্কা দেখা দিলেও নতুন এক বার্তায় কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শিগগিরই বৃষ্টির প্রবণতা কমে গিয়ে টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিতে পারে।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রায় টানা রোদ থাকতে পারে। এই সময়টাকে কাজে লাগিয়ে কৃষকেরা ধান কাটা, মাড়াই ও শুকানোর প্রস্তুতি নিতে পারেন।
একই ধরনের পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল বিডব্লিউওটি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধান কাটা ও সংরক্ষণের জন্য সামনে কয়েকদিন অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে শিগগির বিস্তারিত জানানো হবে।
এদিকে, আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তবে অতিভারি বৃষ্টির প্রবণতা কমে এসেছে এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।