বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৭:০৮ | অনলাইন সংস্করণ

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানায় আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। তিনি আরও নির্দেশ দেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
এছাড়া বন্ধ সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্ব দেন তিনি এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন-এর চেয়ারম্যান এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন-এর চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
