যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০:৫২ | অনলাইন সংস্করণ

যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।
সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যেসব ট্রমা সেন্টার আছে, সেগুলো কার্যকর করতে হবে। সিভিল সার্জনের নেতৃত্বে সেখানে ইকুইপমেন্টসহ ডাক্তার, নার্স যা জরুরি তা থাকবে। নিকটবর্তী উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল যেগুলো আছে সেগুলো আমরা সাতদিন আগ থেকে ওয়েল প্রিপেয়ার্ড করবো, যেন কোনো রকমের যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা অ্যাড্রেস করা যায় ইমিডিয়েটলি।’
