সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২৩:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সি‌লেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (৪ মে) বিকেল দুইটার দিকে একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- অটোরিকশা যাত্রী বাদাঘাট ইউনিয়নের রাজারপাই গ্রামের আব্দুল শুকুরের ছেলে সাহাব উদ্দিন (৪৫), বালিজুড়ি ইউনিয়নের দেওরজালাল গ্রামের ইউসুফ আলীর কন্যা কেয়া মনি (১৭), বাদাঘাট ইউনিয়নের ভিন্নাখালী-রাজারগাও গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী নিলুফা আক্তার (৩০) এবং সুনামগঞ্জের তাহিরপুর এলাকার বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালক মো. ইউসুফ আলী (৫০)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রবাহী বাস জালালপুর এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান।

 

আবা/এসআর/২৬