
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৪ মে) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নির্বাচনের জন্য গত ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে ২ মে তা যাচাই-বাছাই করা হয়। ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’-এর ১২ ধারা অনুযায়ী, নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
গত ৮ এপ্রিল ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। গত ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওইদিন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর ইসির সংশ্লিষ্ট শাখায় মনোনয়নপত্র জমা দেওয়ায় শুরুতে রিটার্নিং অফিসার নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করেননি।
পরবর্তীতে নুসরাত আদালতের দ্বারস্থ হলে ২৭ এপ্রিল তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট বিভাগ।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ও ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করে ইসি। গত রোববার রাত ৯টার দিকে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
আবা/এসআর/২৬