শাপলা চত্বরের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৫৪ | অনলাইন সংস্করণ

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বর-এ সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটির প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ওই দিন সংঘটিত ঘটনা দেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত।
তার ভাষায়, শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়া মানুষের ওপর পরিচালিত অভিযান জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং তা মানবতা ও ন্যায়বিচারের পরিপন্থি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।
জামায়াত আমিরের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই অধিকার দমনে বলপ্রয়োগ ও প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
