জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৪:১২ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তিনি জানান, জুনে বন্ধুপ্রতিম দেশ চীন বা ভারত সফরের বিষয়ে প্রস্তুতি চলছে এবং এ নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

নিজের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।