অনলাইন সংস্করণ
১৪:৩৩, ০৫ মে, ২০২৬
দেশে হামের উপসর্গে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতোমধ্যে ১ কোটি ৬১ লাখ শিশু হাম-রুবেলা টিকার আওতায় এসেছে। আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জিত হবে বলে আশা করছে সরকার।
তিনি বলেন, এবার হাম নিয়ে যে সংকট তৈরি হয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর যেন না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। টিকাদান কার্যক্রম নিয়ে পর্যালোচনার প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো আগাম প্রস্তুতি নিচ্ছে এবং বড় ধরনের প্রাদুর্ভাব হবে না বলে আশা করা হচ্ছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি জানান, ভবিষ্যতের সংকট মোকাবিলায় জ্বালানি ব্যবস্থাপনা চালু থাকবে।
বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোথাও লোডশেডিং করতে হয়নি। তবে উৎপাদন ঘাটতি, সঞ্চালন লাইনের ত্রুটি বা বিদ্যুৎকেন্দ্রের সমস্যার কারণে কিছু এলাকায় সাময়িক সংকট দেখা দিতে পারে। তাপমাত্রা বাড়লে সীমিত পরিসরে লোডশেডিং হতে পারে এবং তা সমন্বিতভাবে পরিচালনার চেষ্টা করা হবে।
শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এককালীন সাড়ে ৭ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বছরের শেষ দিকে নির্বাচন শুরু হতে পারে এবং ধাপে ধাপে সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। উপজেলা পরিষদকে দুর্বল করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ভাতা কার্যক্রমও চলমান আছে।
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের পর সেই ক্ষমতা আর বহাল নেই এবং খুব বেশি দিন তাদের মাঠে রাখা হবে না।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় থাকবে। পশ্চিমবঙ্গের নির্বাচনকেন্দ্রিক বক্তব্যগুলোকে তিনি রাজনৈতিক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।