ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রামাঞ্চলে কোনো লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

গ্রামাঞ্চলে কোনো লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও লাইন ঠিক হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কিছুদিন আগে যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির ফল। তেলের অভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়া, সৌর বিদ্যুতের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই লক্ষ্য বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকেরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

বিদ্যুৎমন্ত্রী,লোডশেডিং নেই,গ্রামাঞ্চল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত