পশ্চিমবঙ্গে যে দলই জিতুক, বদলাবে না পররাষ্ট্র নীতি: প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে না—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সবার আগে ‘বাংলাদেশ অগ্রাধিকার’ নীতিতেই এগোবে দেশ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সব ক্ষেত্রেই একই থাকবে এবং তা কোনো সরকার পরিবর্তনের ওপর নির্ভর করবে না।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অগ্রাধিকার’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্র কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই নীতির আলোকে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

এ সময় অবৈধ অভিবাসন রোধ এবং দালালচক্রের মাধ্যমে মানবপাচার ঠেকাতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কর্তৃপক্ষ। এতে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি।