রামদা-চাপাতি দিয়ে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় এই অভিযান চালান র‍্যাব ও পুলিশের সদস্যরা। এতে পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা জব্দ করা হয়।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোয়ালিয়া খাল এলাকা মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের আস্তানা হিসেবে পরিচিত। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদক কারবারিদের অবস্থান ও তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যায়। এলাকায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সন্ত্রাসীদের ৮ থেকে ১০ জনের একটি দল চাপাতি, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের ঘিরে ফেলে এবং অতর্কিত আক্রমণ করে। এতে র‌্যাব সদস্যদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য র‌্যাব সদস্যরা আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন র‌্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম। এর মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। একজনের মাথা ও হাতে গুরুতর ক্ষত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা জড়িত থাকতে পারে। ঘটনার সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে চাপাতি ও রামদা নিয়ে হামলা চালাতে দেখা যায়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

আবা/এসআর/২৬