ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদযাত্রায় কোন দিনে কোন তারিখের টিকিট, জানালো রেলওয়ে

ঈদযাত্রায় কোন দিনে কোন তারিখের টিকিট, জানালো রেলওয়ে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ও ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত মাধ্যমে টিকিট কেনা যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত নেওয়া হবে না।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের টিকিট।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওইদিন ৩১ মের টিকিট বিক্রি হবে। পরবর্তী দিনগুলোতে ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।

এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) অভিমুখী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চল (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) অভিমুখী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টায়।

যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে ‘তিস্তা বিশেষ’ এবং চট্টগ্রাম-চাঁদপুর পথে ‘চাঁদপুর বিশেষ’ ট্রেন চলবে। এসব ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

এছাড়া ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পর আরও তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর পথে ‘পার্বতীপুর বিশেষ’ ট্রেন চলবে। অন্য বিশেষ ট্রেনগুলো ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহগামী যাত্রী পরিবহন করবে।

জানালো রেলওয়ে,কোন তারিখের টিকিট,ঈদযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত