ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সন্ধ্যার আগে কয়েক জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার আগে কয়েক জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ মে) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ খবর জানানো হয়।

এতে বলা হয় হয়, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ দিয়ে শক্তিশালী ঝড়টি দেশে প্রবেশ করতে পারে এবং বেলা সাড়ে ১১টার পর থেকে পূর্বদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার মতে, দুপুর ৩টা পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ঝড়টি অতিক্রম করতে পারে। একই সময়ে এর উত্তরাংশ রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।

পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়টি ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া ঢাকা শহরের ওপর দিয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঝড়ের আশঙ্কা,৬০ কিমি বেগে,কয়েক জেলা,সন্ধ্যার আগে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত