শাপলা চত্বর ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

তার জামিন চেয়ে বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে। জলিল মণ্ডলের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার শুনানি করেন।

২০১৩ সালের ওই ঘটনার সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ মার্চ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৫ মে শাপলা চত্বর ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে জলিল মণ্ডল দ্বিতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

ডিবি সূত্রে জানা যায়, তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব ছিল তার।

এদিকে ট্রাইব্যুনালের তদন্তে শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়ার তথ্য আগেই জানানো হয়েছে।

সাবেক এই কর্মকর্তার রাজসাক্ষী হওয়ার আবেদন মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।