ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত
প্রকাশ : ০৬ মে ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন ছিল, তা থেকে বেরিয়ে এসে ঢাকার সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ভারত সরকার। বাংলাদেশের অগ্রাধিকার নির্ধারণ হলে সে অনুযায়ী আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানিয়েছে দিল্লি।
নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ কথা বলেন। তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসা–সংক্রান্ত নানা বিষয়ে তিনি প্রশ্নের জবাব দেন।
বিক্রম মিশ্রি জানান, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে চায় ভারত। ঢাকার সঙ্গে সক্রিয় যোগাযোগ জোরদারে আগ্রহী দিল্লি। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রাধিকার নির্ধারণ করা হলে সে অনুযায়ী আলোচনা এগোবে। দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময় যোগাযোগ কিছুটা ধীর হলেও সংলাপ অব্যাহত রাখার চেষ্টা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। ২০২৪ সালে তাঁর ঢাকা সফর এবং ২০২৫ সালে ব্যাংককে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি। নবনির্বাচিত সরকারের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে বলে জানান। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, ভিসা সহজীকরণ ও সেপা (CEPA) চুক্তির মতো বিষয়েও দুই দেশ আগ্রহী।
বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, অতীতে বাংলাদেশের সব সরকারের সঙ্গেই কাজ করেছে ভারত এবং ভবিষ্যতেও যে সরকারই ক্ষমতায় থাকুক, তাদের সঙ্গেই কাজ করবে।
তিস্তা চুক্তি নিয়ে অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং পানি ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশন ও কারিগরি কমিটির মাধ্যমে আলোচনা চলবে। গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়নও একই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় এগোবে বলে জানান তিনি। প্রায় তিন দশক আগে স্বাক্ষরিত এ চুক্তিকে কার্যকর বলেও উল্লেখ করেন।
আবা/এসআর/২৬
