ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মাইলস্টোন ট্র্যাজেডি, ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মাইলস্টোন ট্র্যাজেডি, ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এই আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা নূরনবী (অবসরপ্রাপ্ত কর্নেল), প্রশাসনিক প্রিন্সিপাল মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, উত্তরা এলাকার ফিল্ড সুপারভাইজার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ডা. রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন।

তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করা হয়েছে।

মামলার আবেদন,১৬ জনের বিরুদ্ধে,ড. ইউনূসসহ,মাইলস্টোন ট্র্যাজেডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত