চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্যভিত্তিক দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, বুধবার (৬ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, এখন পর্যন্ত ১২২টি ফ্লাইটে মোট ৪৭ হাজার ৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৮১ জন রয়েছেন।

পরিবহন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৬টি, সৌদি এয়ারলাইন্স ৪৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছরের হজ কার্যক্রম ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।