অনলাইন সংস্করণ
১৮:০৭, ০৭ মে, ২০২৬
দেশজুড়ে টানা বৃষ্টির কারণে তীব্র গরম অনেকটাই কমে গেছে। বিভিন্ন এলাকায় শীতল আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যেই বৃহস্পতিবার (৭ মে) রাতের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়।
এছাড়া নওগাঁর বদলগাছীতে ৪৮ মিলিমিটার, ফরিদপুর ও রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৪ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলিতে ৩৮ মিলিমিটার, দিনাজপুরে ৩৪ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৩৩ মিলিমিটার এবং ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।