ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি দীর্ঘ রানওয়ে তৈরি করা হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। পাশাপাশি কার্গো সুবিধা স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে বড় ভূমিকা রাখবে।

বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের লক্ষ্য বগুড়াকে দেশের একটি গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলা। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে বিমান চলাচল ও বাণিজ্য সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, এই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে পাইলট প্রশিক্ষণ একাডেমি এবং কার্গো ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্মাণের পরিকল্পনা,আন্তর্জাতিক বিমানবন্দর,বগুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত