টানা পাঁচ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:০৬ | অনলাইন সংস্করণ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়েছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোরও আশঙ্কা রয়েছে।
শনিবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের আট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
রোববার (১০ মে) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সোমবার (১১ মে) ও মঙ্গলবার (১২ মে) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় চাঁদপুর ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
