অনলাইন সংস্করণ
১২:১২, ০৮ মে, ২০২৬
আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী। ১৮৬১ সালের ২৫ বৈশাখ, ইংরেজি ৮ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এই মহামানব।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম আজও মানবতা, শান্তি, প্রেম ও প্রকৃতির অনন্য বার্তা বহন করছে। তার সাহিত্য, সংগীত ও শিল্পকর্ম বাঙালির চিন্তা ও সংস্কৃতির অমূল্য সম্পদ হয়ে রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়স থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। বিষয়বৈচিত্র্য ও সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ‘গীতাঞ্জলি’, ‘সোনার তরী’, ‘বলাকা’র মতো কাব্যগ্রন্থ, ‘গোরা’, ‘ঘরে বাইরে’, ‘শেষের কবিতা’র মতো উপন্যাস এবং ‘কাবুলিওয়ালা’, ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’র মতো গল্প বাংলা সাহিত্যকে বিশ্বমানে উন্নীত করেছে।
নাট্যসাহিত্যে ‘রক্তকরবী’, ‘ডাকঘর’ ও ‘চণ্ডালিকা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। গীতিকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী হিসেবেও তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী।
সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাবিস্তার, সমাজকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রবীন্দ্রনাথ। মানবিক শিক্ষার আদর্শ নিয়ে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। আবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন তিনি।
দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর ১৫ সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন ১৪তম। শৈশব থেকেই সংস্কৃতিমনা পরিবেশে বেড়ে ওঠায় তার মনন হয়ে ওঠে মুক্ত ও সৃজনশীল। বাংলার নদী ও পল্লিজীবনের অভিজ্ঞতা তার সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে।
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যে বিশেষ মর্যাদা লাভ করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তার গান যুগিয়েছে সাহস ও অনুপ্রেরণা। ‘আমার সোনার বাংলা’ আজ বাংলাদেশের জাতীয় সংগীত।
জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ানট-সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।