ঈদযাত্রায় দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাসের অগ্রিম আসন টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব টিকিট পাওয়া যাচ্ছে।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন পরিবহন সংস্থা একযোগে টিকিট বিক্রি শুরু করে। প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব যোগাযোগ মাধ্যমে আগেই এই ঘোষণা দেয়।

শ্যামলী এন আর ট্রাভেলস জানিয়েছে, ঢাকা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ বিভিন্ন রুটে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীরা নির্ধারিত কাউন্টার এবং অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন।

অরিন ট্রাভেলস সকাল থেকেই ঢাকা থেকে গাইবান্ধা, জয়পুরহাট–হিলি ও রংপুর রুটে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রীদের নির্ধারিত স্থান থেকেই বাসে উঠতে হবে এবং নির্দেশনা না মানলে কর্তৃপক্ষ দায় নেবে না।

হানিফ এন্টারপ্রাইজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে একযোগে টিকিট বিক্রি শুরু করেছে। অনলাইন ও সরাসরি কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট পাওয়া যাচ্ছে।

গ্রীন লাইন পরিবহন জানিয়েছে, তাদের সব কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি চলছে। তবে ঈদের টিকিট পরিবর্তন, ফেরত বা অর্থ ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

সোহাগ পরিবহন জানিয়েছে, তাদের সব রুটের টিকিট অনলাইন ও কাউন্টার—দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে। যাত্রীদের সঠিক তারিখ ও সময় দেখে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইনেও একই ভাড়া কার্যকর থাকবে এবং প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।