পুলিশের বিশৃঙ্খল পরিস্থিতি অনেকটাই গুছিয়ে আনা হয়েছে: মহাপরিদর্শক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

বিগত সময়ে পুলিশ বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর খিলক্ষেতে একটি পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহাপরিদর্শক বলেন, ২০২০ ও ২০২১ সালে মহামারির কারণে এবং পরে রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের আমলে নতুনভাবে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে। তিনি বলেন, বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে।

তিনি আরও বলেন, পুলিশ সপ্তাহের মাধ্যমে বাহিনীকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। নতুন প্রজন্ম যে ধরনের পুলিশ প্রত্যাশা করে, সেই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশের পোশাক পরিবর্তন ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলী হোসেন ফকির বলেন, বর্তমান পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করাকে সরকার অগ্রাধিকার দিয়েছে এবং পুলিশের প্রয়োজনীয় চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, আগে প্রশাসনিক জটিলতায় অনেক সিদ্ধান্ত নিতে বিলম্ব হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আবাসন ও জনবল সংকটের কথা তুলে ধরে মহাপরিদর্শক বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে ২ লাখ ২০ হাজার সদস্য রয়েছেন, কিন্তু আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। এই ঘাটতি পূরণে সরকার নতুন অর্থবছরে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, খিলক্ষেত ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি নিশ্চিত করা গেলে জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বাড়বে। এতে অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে এবং জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

আলী হোসেন ফকির বলেন, পুলিশ আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব সেবা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন ফাঁড়ি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি নিরাপদ সমাজ গঠনে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।