
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার।
আগামীকাল রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এতে জনমনে শান্তি ও স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র ও সমাজ প্রত্যাশা করে, যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং অবিচার, অনাচার বা নির্যাতনের ভয় থাকবে না।
তিনি বলেন, এ ধরনের প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। তবে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতিবছর পুলিশ সপ্তাহ জনগণের আস্থা অর্জনের নতুন অঙ্গীকারের উপলক্ষ হয়ে উঠুক।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের সাবেক, বর্তমান ও অবসরপ্রাপ্ত সব কর্মকর্তা ও সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে ঘরে-বাইরে জননিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তাই পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন অগ্রাধিকার।
সবশেষ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আবা/এসআর/২৬