ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশের সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে পুলিশের সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে সব কার্যক্রম রেকর্ডে রাখা যায়। তদন্ত, অভিযানসহ সব ধরনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের অভিযানিক কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে। বর্তমানে কিছু ক্যামেরা রয়েছে, তবে ভবিষ্যতে সব পর্যায়ে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। এতে তদন্ত ও অভিযান সংক্রান্ত সব বিষয় রেকর্ডে থাকবে।

তিনি আরও বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবাধিকার রক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়েও সমন্বয় রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ, শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পসহ সংবেদনশীল এলাকায়ও পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে দেশের ভাবমূর্তি উন্নত হয় এবং পর্যটকের সংখ্যা বাড়ে।

মন্ত্রী আরও বলেন, পুলিশ ক্লিয়ারেন্স সনদ, অনলাইন সাধারণ ডায়েরিসহ বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে। তবে এসব সেবা সময়মতো নিশ্চিত করতে হবে, যাতে জনগণকে ভোগান্তি পোহাতে না হয়।

তিনি বলেন, পুলিশকে সত্যিকারের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি থানায় সেবাপ্রার্থীরা যেন কোনো হয়রানি ছাড়া আইনি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ—এই নীতিকে শুধু কথায় নয়, কাজে বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ভাবমূর্তি উন্নয়নে অগ্রগতি হয়েছে, তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই অগ্রগতি ধরে রেখে আরও উন্নয়ন করতে হবে।

ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর,বডিওর্ন ক্যামেরা চালু,পুলিশের সব পর্যায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত