সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগের ঘোষণা ধর্মমন্ত্রীর

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ-এর বৈঠকে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ জানাবে। ভারত একটি বড় দেশ এবং তারা গণতন্ত্রকে লালন করে—এ কারণে তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, যদি তারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের অধিকারকে স্বীকৃতি দেয়, তবে শ্রদ্ধা আরও বাড়বে।

তিনি আরও বলেন, ভারতে যা ঘটছে, তা যেন বাংলাদেশে না ঘটে। তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু দেশের ভেতরে কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার, অবিচার বা জুলুম সহ্য করা হবে না।

এদিকে বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত। তবে তিনি অভিযোগ করেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে।