বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:৪২ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষ এবং সরকার কাঁটাতারকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর মতো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বাংলাদেশ সরকারও কাঁটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলার দরকার, আমরা কথা বলবো।

তিনি বলেন, এখানে (বর্ডারে) তো অনেক মানুষ হত্যা করা হয়। যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়। ওই নমুনায় তো আর বর্ডার ইনশাআল্লাহ কোনো দিন আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায় এই বাংলাদেশ ওই গোলামির দেশ নয় যে বসে দেখবে। বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা (ভারতের সঙ্গে) দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই। আমরা বলছি, দুই দেশের নেতৃত্বের মানসিকতা হতে হবে সামনে এগিয়ে যাওয়ার। অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে। যতক্ষণ অবধি আলোচনার দুয়ার খোলা আছে সমস্যার সমাধানের সুযোগ আছে। কিছু ইস্যু দ্রুত সমাধান সম্ভব হবে, আবার কিছু ইস্যু সমাধানে সময় লাগবে।