পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত হলে কোনো ছাড় নয়: আইজিপি
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পুলিশ বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের সময়ের বিভিন্ন উদ্যোগের কারণেই আজকের সংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে।
আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমনে, আমাদের প্রতিটি সদস্য নিরলভাবে কাজ করে যাচ্ছে। আজকের এ পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস নিষ্ঠা পেশাদারত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে আপনারা দেখেছেন পুলিশের যে সকল সদস্য মাদকের ভিতরে সম্পৃক্ত ছিল তাদের আইনের আনা হয়েছে।
এসময় সব পুরস্কারপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
