ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

২৩ মের ট্রেন টিকিট বিক্রি শুরু, যেভাবে কাটবেন

২৩ মের ট্রেন টিকিট বিক্রি শুরু, যেভাবে কাটবেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ বুধবার (১৩ মে) থেকে শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৩ মের টিকিট।

মঙ্গলবার রেলওয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত পাওয়া যাবে ঈদে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট।

অন্যদিকে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি:

যাত্রার সম্ভাব্য তারিখ অনুযায়ী টিকিট ইস্যুর দিনগুলো হলো—

২৩ মে’র টিকিট: পাওয়া যাবে ১৩ মে

২৪ মে’র টিকিট: পাওয়া যাবে ১৪ মে

২৫ মে’র টিকিট: পাওয়া যাবে ১৫ মে

২৬ মে’র টিকিট: পাওয়া যাবে ১৬ মে

২৭ মে’র টিকিট: পাওয়া যাবে ১৭ মে

ঈদ ফেরত যাত্রার টিকিট:

৩১ মে’র টিকিট: পাওয়া যাবে ২১ মে

১ জুনের টিকিট: পাওয়া যাবে ২২ মে

২ জুনের টিকিট: পাওয়া যাবে ২৩ মে

৩ জুনের টিকিট: পাওয়া যাবে ২৪ মে

৪ জুনের টিকিট: পাওয়া যাবে ২৫ মে

রেলওয়ে জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই ভাগে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।

একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। তবে এ ক্ষেত্রে সহযাত্রীদের নাম দেওয়ার ব্যবস্থা থাকবে।

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা করা হবে।

এ ছাড়া যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাত্রার টিকিট’ বা আসনবিহীন টিকিট রেলস্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে। তবে বিরতিহীন ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না। চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেভাবে টিকিট কাটবেন

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার নিবন্ধন করলেই চলবে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা শুধু প্রবেশ করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

নিবন্ধন প্রক্রিয়া

প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরে ওয়েবসাইটের উপরের দিকে নিবন্ধন অংশে ক্লিক করতে হবে। এতে নিবন্ধন নামে নতুন একটি পাতা আসবে। এ পাতায় ব্যক্তিগত তথ্য দিয়ে সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে যাচাই বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য ঠিক থাকলে নিবন্ধন সফল হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পাতা আসবে। এখানে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ হয়ে যাবে।

টিকিট কেনার পদ্ধতি

প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে প্রবেশ বাটনে ক্লিক করতে হবে। প্রবেশের পর যে পাতা আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি পূরণ করে টিকিট খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। পরের পাতায় ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখাবে।

ট্রেন অনুযায়ী আসন দেখুন বাটনে ক্লিক করে আসন খালি থাকাসাপেক্ষে পছন্দের আসন নির্বাচন করে ক্রয় অব্যাহত রাখুন বাটনে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে মূল্য পরিশোধ করলে একটি ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে।

পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিট ছাপিয়ে ছবি সংবলিত পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে মুদ্রিত টিকিট সংগ্রহ করা যাবে।

যেভাবে কাটবেন,টিকিট বিক্রি শুরু,২৩ মের ট্রেন টিকিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত