সন্ধ্যার মধ্যেই যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এ পরিস্থিতিতে বুধবার (১৩ মে) সন্ধ্যার মধ্যেই দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর রাজারহাটে। এছাড়া নেত্রকোণায় ৪০ মিলিমিটার, দিনাজপুরে ১১, রংপুরে ৭, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ এবং নীলফামারীর সৈয়দপুর ও সিলেটে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও যশোরে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।