অনলাইন সংস্করণ
১২:৪০, ১৪ মে, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে একজন “পূর্ণকালীন সভাপতি” হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, নির্বাচিত হলে জাতিসংঘ সনদের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি ছোট প্রতিনিধিদলগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেবেন এবং মতপার্থক্যের মধ্যেও ঐকমত্যের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।
বুধবার (১৩ মে) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে নির্বাচনের প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে ছয় দফা পরিকল্পনা তুলে ধরেন ড. খলিলুর রহমান।
প্রচারণাকালে তিনি বলেন, বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত পদ্ধতির পক্ষে কাজ করবেন। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জলবায়ু ইস্যুতে তিনি ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কার্যকর বাস্তবায়নের পক্ষে অবস্থান জানান এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মানবাধিকার ব্যবস্থা শক্তিশালী রাখা, মানবিক সহায়তার ক্ষেত্র সুরক্ষিত রাখা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের সহায়তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া ডিজিটাল যোগাযোগমাধ্যমের ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ড. খলিলুর রহমান। বক্তব্যের শেষাংশে তিনি জাতিসংঘের সংস্কার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেন।