ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাপলা চত্বর মামলায় রুপা, মোজাম্মেল ও দীপু মনি কারাগারে

শাপলা চত্বর মামলায় রুপা, মোজাম্মেল ও দীপু মনি কারাগারে

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ওই দিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ এনেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে প্রসিকিউশনের আবেদনের পর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে সকালে কারাগার থেকে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন পক্ষ জানায়, শাপলা চত্বরের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। সে সময় নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করতে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা—এমন অভিযোগও আনা হয়।

এ মামলায় ইতোমধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালের ওই ঘটনায় ঢাকাসহ চারটি এলাকায় মোট ৫৮ জন নিহত হন। তাদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

দীপু মনি কারাগারে,রুপা,মোজাম্মেল,শাপলা চত্বর মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত