যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২:৩৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
ঢাকার যানজট নিরসনে এটি বর্তমান সরকারের দ্বিতীয় পর্যায়ের বিশেষ সভা। সভায় যানজট নিরসনের চলমান উদ্যোগ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
আবা/এসআর/২৬
